সিলেটটুডে ডেস্ক | ০৭ মার্চ, ২০১৮
সৌজন্যে বিটিভি
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
বিকেল ৩টার দিকে সমাবেশ স্থলে পৌঁছেছেন তিনি।
পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মধ্য দিয়ে দুপুর আড়াইটায় শুরু হয় সমাবেশ।
মঞ্চে আসন গ্রহণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা।
সকাল ১১টার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে। দুপুর ১২টার পর থেকে উদ্যানের আশপাশ মিছিলে মিছিলে সরগরম হয়ে ওঠে।। তাছাড়া দুপুরের আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
মৎস্য ভবন, শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বরসহ বিভিন্ন পথে জনস্রোত নেমেছে সোহরাওয়ার্দী উদ্যান মুখে।
প্রায় প্রতিটি নেতাকর্মীর হাতে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের ছবি ও স্লোগান সম্বলিত নানান রঙয়ের ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড।