Sylhet Today 24 PRINT

জাফর ইকবালকে কেবিনে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মার্চ, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (৭ মার্চ) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এই লেখকের শারীরিক অবস্থার উন্নতি হওয়া কেবিনে নিয়ে আসা হয়। তবে এখনই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ড. জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, কেবিনে ফেরার পর স্যার লিখতে শুরু করেছেন। এরই মধ্যে 'অবিশ্বাস্য সুন্দর পৃথিবী' নামে স্যারের একটি লেখা বুধবার বিভিন্ন পত্রিকায় পাঠানো হয়েছে। ওই লেখায় হামলার শিকার হয়ে হাসপাতালে যাওয়ার সময়ের অনুভূতি তিনি বর্ণনা করেছেন।

শনিবার (৩ মার্চ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে হামলার শিকার হন জনপ্রিয় এই লেখক। প্রথমে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নেওয়া হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে সেই রাতেই জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

এ ঘটনায় ফয়জুর নামের এক যুবককে ঘটনাস্থল থেকেই হাতেনাতে আটকের পর গণপিটুনি দিয়ে র‍্যাব-৯ এর হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে ফয়জুর সিলেট জালালাবাদ থানার অধীনে সিলেট এএমজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.