Sylhet Today 24 PRINT

৭ মার্চের ঘটনা দলের বিষয় নয়, তবে সরকারের দায় আছে: কাদের

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০১৮

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের জনসভার পর কয়েকজন নারীর শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সমাবেশস্থলের বাইরে যদি কিছু ঘটে থাকে তাহলে সেটা দলের বিষয় না। তবে সরকারের দায় আছে। বাইরে ঘটলেও এটা যারা ঘটিয়েছে তারা কেউ ছাড় পাবে না।

বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেলে আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলের বাইরে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কেউ ছাড় পাবে না। এটা আমাদের দলের বিষয় নয়, তবে সরকারের দায় আছে। কেউ ছাড় পাবে না।

ওবায়দুল কাদের আরো বলেন, এই সরকারের আমলে এ ধরনের ঘটনায় কেউ ছাড় পায়নি। গতকালও যদি ঘটে থাকে কেউ ছাড় পাবে না।

দপ্তর উপ-কমিটির এ সভায় আরও উপস্থিত ছিলেন দলটির দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-কমিটির সদস্য খন্দকার তারেক রায়হান, মেহেদী হাসান, দেলোয়ার রহমান দিপু, নাসিম আল মোমিন রূপক প্রমুখ।

উল্লেখ্য, বুধবার (৭ মার্চ) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে যোগ দেন দলের নেতাকর্মীরা। এ ধরনের একটি মিছিল থেকে বাংলামোটরে এক ছাত্রীকে শ্লীলতাহানি করা হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন আক্রান্ত ওই ছাত্রী। ফেসবুকে নিজের আক্রান্ত হওয়ার ঘটনার পূর্ণ বিবরণ দেন তিনি। মুহূর্তের মধ্যেই এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করে। ক্ষোভের সৃষ্টি করে বিভিন্ন মহলে। এ ছাড়া আরো কয়েকজন শ্লীলতাহানির অভিযোগ করে ফেসবুকে পোস্ট দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.