Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগের মিছিল থেকে হয়রানির অভিযোগে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মার্চ, ২০১৮

আওয়ামী লীগের জনসভায় অংশ নিতে যাওয়া নেতাকর্মীদের হাতে নিপীড়নের শিকার হওয়া ছাত্রীর পক্ষে থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রীর বাবা বাদী হয়ে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম। মামলায় তিনি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ করেছেন।

গত বুধবার দুপুরে রাজধানীর বাংলামোটরে বাসের জন্য দাঁড়িয়ে থাকার সময় সরকারি দলের সমাবেশে যোগ দিতে যাওয়া একদল লোক ওই ছাত্রীকে নিপীড়ন করে বলে অভিযোগ। ৭ মার্চের ভাষণ উপলক্ষে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেছিল আওয়ামী লীগ।

ওই ছাত্রী স্ট্যাটাসটি ফেসবুকে আপলোড করার পর সেটি ভাইরাল হয়ে যায়। স্ট্যাটাসটিতে কিছুক্ষণের মধ্যেই মন্তব্য করেন কয়েক হাজার মানুষ। প্রচুর মানুষ মেয়েটির পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। পরে ছাত্রীটি তার স্ট্যাটাস সরিয়ে নেয়।

কলেজ থেকে ফেরার সময় এই জনসভার কারণে বাস না পেয়ে হাঁটতে হাঁটতে বাংলামোটরে আসার পর একটি মিছিলে থাকা একদল যুবক তাকে ঘিরে ফেলে যৌন নিপীড়ন করে বলে ওই তরুণীর অভিযোগ।

তিনি ফেইসবুক পোস্টে লিখেছেন, ১৫-২০ জন যুবক তাকে যৌন নিপীড়ন শুরু করলে এক পুলিশ সদস্য তাকে উদ্ধার করে একটি বাসে তুলে দেয়।

ক্ষোভের সঙ্গে ওই তরুণী লেখেন, এরপর তিনি বাংলাদেশেই থাকবেন না।

পরে আরেক পোস্টে তিনি লেখেন- “পোস্টটা অনলি মি করেছি কারণ পোস্টটা রাজনৈতিক উস্কানিমূলকভাবে শেয়ার করা হচ্ছিল। আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে পোস্টটা দিইনি। প্লাস আমার কলেজকে জড়ানো হচ্ছিল এই ব্যাপারে। ব্যাপারটার সাথে আমার কলেজের কোনো সম্পর্ক নাই।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.