Sylhet Today 24 PRINT

বিআরটিএ’র ওয়েবসাইট হ্যাক করে যৌন হয়রানির প্রতিবাদ

সিলেটটুডে অনলাইন ডেস্ক |  ০৯ মার্চ, ২০১৮

৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশের মিছিলে ঢাকার রাস্তায় যৌন হয়রানির ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন এক হ্যাকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র ওয়েবসাইট নিয়ন্ত্রণে নিয়ে এ প্রতিবাদ জানান।

বৃহস্পতিবার দুপুরের দিকে যারা বিআরটিএর ওয়েবসাইটে গেছেন, স্বয়ংক্রিয়ভাবে এক পুরুষ কণ্ঠের অডিও বার্তা শুনতে পান।  বেলা ৩টা ৪০ মিনিট পর্যন্ত ওয়েবসাইটে ওই কণ্ঠ শোনা যায়। এরপর তা বন্ধ হয়ে যায়। তবে এই সময়ের মধ্যে বিআরটিএর ওয়েব সাইটে ঢুকতে বা তথ্য পেতে সমস্যা হয়নি। আর যাদের কম্পিউটারের স্পিকার বন্ধ ছিল, তারা ওই অডিও বার্তা শুনতে পাননি।

ওয়েবসাইট আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করে বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান গণমাধ্যমকে জানান, দুপুরে কিছু সময়ের জন্য ওয়েবসাইট হ্যাকড হয়েছিল। এখন আর সমস্যা নেই।

ওই অডিও বার্তায় হ্যাকার নিজেকে ‘স্বাধীন দেশের পরাধীন এক নাগরিক’ হিসেবে পরিচয় দেন।

হ্যাকারের এক মিনিট ৫৫ সেকেন্ডের অডিও বার্তায় বলা হয়, স্বাধীন হয়েছি বহু আগে। তবে এ কেমন স্বাধীনতা, যে স্বাধীনতায় ১০ বছরের মেয়ে ধর্ষিত হয়ে খুন হয়? কলেজ থেকে আসা কোনো ছাত্রীর গায়ে হাত দেয়া হয়। এ কেমন স্বাধীনতা?

বিশ্বাস করুন, বঙ্গবন্ধুর আদর্শকে আমি অনেক ভালোবাসি। ভালোবাসি না তাদেরকে, যারা এই আদর্শকে কলুষিত করে। ছোটবেলায় মুক্তিযুদ্ধের ছবি দেখতাম আর ভাবতাম, ইশ! যদি থাকতে পারতাম, তবে শুনতে পেতাম- `রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব..'।

কিন্তু জানেন, কিছু মানুষের জন্য পুরো দেশটা অন্ধকারে ছেয়ে গেছে। ভালো নেই আমরা, বিশ্বাস করুন। ভালো নেই আমাদের মা-বোনেরা। তারা বের হতে পারে না। আমরা বের হতে দেই না। ভয়ে থাকি। হায়েনার দলেরা যদি আবার হামলা করে। খুব ভয়, অনেক বেশি ভয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.