সিলেটটুডে ডেস্ক | ১০ মার্চ, ২০১৮
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে রোববার (১১ মার্চ) চারদিনের সফরে সিঙ্গাপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরকালে সিঙ্গাপুরের বিশ্ব ঐতিহ্য স্থান বোটানিক্যাল গার্ডেনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে একটি অর্কিডের নামকরণ করা হবে।
সফরকালে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে আশা করা হচ্ছে।
এর মধ্যে রয়েছে- বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও সিঙ্গাপুরের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ (আইই) এর মধ্যে বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক, এয়ার সার্ভিস ম্যানেজমেন্ট সংক্রান্ত কনফিডেন্সিয়াল সমঝোতা স্মারক, ডিজিটাল লিডারশীপ, ডিজিটাল ইনোভেশন ও ডিজিটাল প্রশাসন রূপান্তর সংক্রান্ত সমঝোতা স্মারক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির (এমসিসিআই) সঙ্গে সিঙ্গাপুরের ব্যবসায়িক সংগঠন সিঙ্গাপুর ম্যান্যুফ্যাকচারিং ফেডারেশনের মধ্যে পৃথক দু’টি চুক্তি সমঝোতা স্মারক।
প্রধানমন্ত্রীকে সোমবার আনুষ্ঠানিকভাবে সেদেশে স্বাগত জানানো হবে সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ইসতানা’য়।
পরে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দুটি বৈঠক করবেন শেখ হাসিনা।
সোমবারে সমঝোতা স্মারক সইয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে লি সিয়েন লোংয়ের দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন শেখ হাসিনা।
সেদিন বিকালে সিঙ্গাপুর পোর্ট অথরিটিতেও যাওয়ার কথা রয়েছে তার। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সম্মানে সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের অনুষ্ঠানে যাবেন প্রধানমন্ত্রী।
সফরের দ্বিতীয় দিন সকালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
সিঙ্গাপুর সফর উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, সিঙ্গাপুর বর্তমানে আসিয়ানের নেতৃত্বে রয়েছে। ফলে প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিক দিক দিয়েও গুরুত্বপূর্ণ। তিনি রোহিঙ্গা সঙ্কট নিরসনে সিঙ্গাপুর সরকারের সহযোগিতা চাইবেন।
চার দিনের সফর শেষে শেখ হাসিনার ১৪ মার্চ (বুধবার) দেশে ফিরবেন।