Sylhet Today 24 PRINT

ভিডিও ফুটেজে নারী লাঞ্ছনার সত্যতা মিলেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১১ মার্চ, ২০১৮

ভিডিও ফুটেজে ৭ মার্চ আওয়ামী লীগের জনসভায় মিছিল নিয়ে যাওয়ার সময় পথে নারী লাঞ্ছনা ও যৌন হয়রানির সত্যতা মিলেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১১ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, '৭ই মার্চের সমাবেশকে কেন্দ্র করে সেই দিন রাজধানীতে লাখ লাখ মানুষের ঢল নেমেছিল। সেখানে নারী-পুরুষ সমানভাবে গেছে। তবে কেন এই ঘটনা ঘটল এটাই আমার প্রশ্ন? তাহলে এরা কারা? কেন তারা মিছিলে গিয়ে এ ঘটনাটি ঘটাল- এটাই দেখার বিষয়।'

বিএনপির কোনো নেতাকর্মী গ্রেপ্তার নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, 'বিএনপির কোনো নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করছে না সরকার। যারা বিভিন্ন সময় বাস পুড়িয়েছেন, অগ্নিসংযোগ করেছেন, পুলিশের অস্ত্র ভেঙে দিয়েছেন কিংবা পুলিশকে মারধর করেছেন তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে।'

তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে প্রত্যেককে চিহ্নিত করেই ধরা হচ্ছে। কোনো সাধারণ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে না। ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে এবং মামলা রয়েছে যাদের বিরুদ্ধে, তাদের ছাড়া অন্য কাউকে গ্রেপ্তার করছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কোন শিক্ষার্থীর লেখাপড়ার জন্য অসুবিধা হবে এমনটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই চান না। তাই তিনি সব জায়গায় সমানভাবে কাজ করছেন। বছরের প্রথম দিন দেশের সব ছাত্রছাত্রীর কাছে পাঠ্যবই পৌঁছে দেয়া হয়। এটা কিন্তু একটা দুঃসাধ্য ব্যাপার। কোনো আমলে এটা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই কিন্তু এটা সম্ভব হয়েছে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে তিনি আরো বলেন, স্কুল-কলেজগুলোতে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে একের পর এক ইমারত তৈরি করা হচ্ছে। একের পর এক যেসব রাস্তার উন্নয়ন প্রয়োজন, সেগুলো কিন্তু তার নির্দেশনায় হচ্ছে। হাতিরঝিল তো একটি অন্যতম দর্শনীয় স্থান। শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে উদাহরণ দেয়ার মতো একটি জায়গা হয়েছে হাতিরঝিল। এই জায়গার আরো উন্নয়ন হবে, এখানে আরো অনেক কিছুই স্থাপন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.