Sylhet Today 24 PRINT

সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ১১ মার্চ, ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবীতে ১২ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। বৈঠকে বসেছেন স্থায়ী কমিটির সদস্যরা।

রোববার (১১ মার্চ) ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান বলেন, ‘জননিরাপত্তার ঝুঁকির কারণে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকালের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।’

জানা যায়, রোববার সকালে বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশের সাথে সাক্ষাৎ করলে ডিএমপি থেকে বলা হয়, গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালো নয়। তাই বিএনপিকে সমাবেশে অনুমতি দেওয়া যাচ্ছে না। এর আগে সমাবেশের অনুমতি চেয়ে লিখিত আবেদনও করেছে বিএনপি।

প্রতিনিধি দলের সদস্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘এখনও সমাবেশের অনুমতি পাওয়া যায়নি। সকালে আমাদের বলা হয়েছিল তারা মিটিং করে পরে জানাবে। তবে এখনও কিছু জানানো হয়নি ডিএমপির পক্ষ থেকে।’

উল্লেখ, গত ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ ও ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যান বা দলীয় কার্যালয় নয়াপল্টনকে নির্ধারণ করে এর যেকোন একটিতে অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) কাছে অনুমোদন চেয়েছিল বিএনপি। কিন্তু দলটিকে সমাবেশে অনুমতি দেয়নি ডিএমপি।

এদিকে জনসভার জন্য বিএনপি যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ভোটার বিহীন সরকারের সবচেয়ে বড় ভয় হলো জনগণ। তাই যেকোনো জনসমাগম দেখলেই তারা আতঙ্কিত হয়ে পড়ে। আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার জন্য যথাযথ কর্তৃপক্ষ এবং পুলিশের কাছে আবেদন করা হলেও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অনুমতির বিষয়ে আমাদের অবহিত করা হয়নি।

অপরদিকে, সন্ধ্যা ৭টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সূত্র জানায়, চট্টগ্রামে সমাবেশ আয়োজন নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে বৈঠকটি হচ্ছে।

বিএনপির সূত্রগুলো জানায়, বিভাগীয় পর্যায়ে সমাবেশ, সিটি কর্পোরেশন গুলোয় নির্বাচনে প্রার্থী নির্ধারণ ও পরবর্তী কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

বৈঠকে উপস্থিত আছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.