Sylhet Today 24 PRINT

বাংলাদেশ-সিঙ্গাপুর ২ সমঝোতা স্মারক সই

সিলেটটুডে ডেস্ক |  ১২ মার্চ, ২০১৮

ছবি: সংগৃহীত

বিমান চলাচলে সহযোগিতা এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বিষয়ে সিঙ্গাপুরের সঙ্গে দুটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে বাংলাদেশ।

সিঙ্গাপুর সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি শিয়েন লুংয়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর সোমবার (১২ মার্চ) স্থানীয় সময় দুপুরে দুই নেতার উপস্থিতিতে এ স্মারক দু’টি সই হয়।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘ইস্তানা’র ওয়েস্ট ড্রয়িং রুমে বেলা ১২টার (বাংলাদেশ সময় ১০টা) কিছুক্ষণ আগে বৈঠকে বসেন শেখ হাসিনা ও শিয়েন লুং।

‘ইস্তানা’য় বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লুং বিমান চলাচলে সহযোগিতা বিষয়ক স্মারকে বাংলাদেশের পক্ষে বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক ও সিঙ্গাপুরের পক্ষে পরিবহন মন্ত্রণালয়ের পারমানেন্ট সেক্রেটারি হল এমগ্যাই সেঞ্জ সই করেন।

আর পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ স্মারকে সই করেন বাংলাদেশের পক্ষে পিপিপি অথরিটির সিইও সৈয়দ আফসর এইচ উদ্দিন ও সিঙ্গাপুরের পক্ষে ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের অ্যাসিস্ট্যান্ট সিইও তান সুন কিন।

শিয়েন লুংয়ের সঙ্গে বৈঠকের আগে শেখ হাসিনা ‘ইস্তানা’য় সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

তারও আগে ‘ইস্তানা’য় পৌঁছালে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয় সিঙ্গাপুরের সশস্ত্র বাহিনী। এসময় দু’দেশের জাতীয় সংগীত বাজানো হয়।

এ দুই বৈঠকের পর ‘ইস্তানায়’ সিঙ্গাপুর প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

শিয়েন লুংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার (১১ মার্চ) দুপুরে দেশটিতে গেছেন প্রধানমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.