Sylhet Today 24 PRINT

নেপালে বিধ্বস্ত হওয়া বিমানটি এর আগেও দুর্ঘটনায় পড়েছিল

নিজস্ব প্রতিবেদক |  ১২ মার্চ, ২০১৮

নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোম্বাইডার ড্যাস কিউ ৪০০ (S2-AGU) উড়োজাহাজটি এর আগে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর ও সর্বশেষ ২০১৮ সালের ৪ মার্চ ঢাকায় দুর্ঘটনায় পড়েছিলো বলে জানা গেছে। তবে সে সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, ২০১৫ সালের যান্ত্রিক ত্রুটির জন্য বিমানটি সৈয়দপুরে রানওয়ে থেকে ছিটকে ঘাসের ওপর পড়ে এবং ২০১৮ সালে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় উড্ডয়নের ৫০ মিনিট পর হজরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের এয়ারক্রাফটটি ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর ৭৪ জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি রানওয়ের এক প্রান্তে ইউটার্ন নিয়ে যখন পার্কিং বে-তে আসছিল তখন একটি চাকা আটকে যায়।

সেদিন ঢাকা থেকে দ্রুততার সঙ্গে হেলিকপ্টারযোগে ইউএস-বাংলার দক্ষ প্রকৌশলীদের নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যে প্রকৌশলীরা বিমানটি পার্কিং বে-তে ফিরিয়ে আনেন এবং ফিরতি যাত্রীদের নিয়ে যথারীতি ঢাকায় ফিরে আসে। সেসময় যাত্রীরা ভয়ংকর আতঙ্কিত হলেও কর্তৃপক্ষ একটি ব্রিফ দিয়ে দায় সেরেছিল।

এদিকে ২০১৮ সালের ৪ মার্চ ৭১ জন যাত্রী সকাল সাড়ে ৯টায় যশোরের উদ্দেশে ঢাকার বিমানবন্দর ত্যাগ করে নিয়ে মাঝ আকাশে একটি ইঞ্জিন বিকল হয়ে পড়লে উড্ডয়নের ৫০ মিনিট পর উড়োজাহাজটি ফিরে এসে হজরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

সেই বিমানটিই আজ নেপালে বিধ্বস্ত হলো। ঢাকা থেকে নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া  বিমান সংস্থা ইউএস বাংলার ওই বিমানটি কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়েছে। সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের একটি খেলার মাঠে বিধ্বস্ত হয় বিমানটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.