নিজস্ব প্রতিবেদক | ১৪ মার্চ, ২০১৮
জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমি কখনো ভয় পাই না। এখনো পাচ্ছি না। আমি মুক্তমঞ্চে দাঁড়িয়ে আবারও কথা বলব। আমাদের দেশটা অনেক সুন্দর। তোমরা দেশটাকে ভালোবাসো। দেখবে দেশও তোমাদের ভালোবাসবে।
বুধবার (১৪ মার্চ) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, তাদের ওপর আমার কোনো রাগ নাই। আমি তাদের জন্য এক ধরনের দুঃখ অনুভব করি। এত সুন্দর পৃথিবী। সেখানে এত সুন্দর সুন্দর কাজ করা সম্ভব। তারা সেগুলো না করে এই ধরনের একটা কাজকে জীবনের উদ্দেশ্য হিসেবে নিয়েছে, সেজন্য তাদের প্রতি আমি দুঃখ অনুভব করি।
তিনি আরো বলেন, বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন তরুণরা ভুল পথে না যায়, তারা যেন সাধারণ মানুষে মত সুন্দর জীবন যাপন করতে পারে।
এর আগে জনপ্রিয় এ লেখককে চিকিৎসা শেষে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে রিলিজ দেওয়া হয়। বুধবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী জানান, ড. জাফর ইকবাল এখন সম্পূর্ণ সুস্থ। তবে আগামী সাতদিন তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।
অধ্যাপক জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদীন জানান, আজ বুধবার দুপুর ১২টায় নভো-এয়ারের একটি ফ্লাইটে সিলেট আসবেন। দুপুর পৌনে ১টায় তার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। জাফর ইকবাল স্যারের সঙ্গে তার স্ত্রী ড. ইয়াসমিন হকসহ পরিবারের সদস্যরা রয়েছেন। বিমানবন্দর থেকে জাফর ইকবাল সরাসরি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন।
এদিকে ক্যাম্পাস সূত্রে জানা গেছে, জাফর ইকবালের ফিরে আসা নিয়ে উচ্ছ্বাসিত ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীরা। জাফর ইকবালকে ক্যম্পাসের 'ব্র্যান্ডম্যান' উল্লেখ করে আজ তারা তাকে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত।
বিকেল ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসের মুক্তমঞ্চে আসবেন তিনি। যেখানে গত ৩ মার্চ হামলার শিকার হন তিনি ওই স্থানে দাঁড়িয়েই শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। শিক্ষার্থীদের নিয়ে আবারও মেতে উঠবেন জাফর ইকবাল এমন প্রত্যাশা শিক্ষক-শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশাফকুল হোসেন জানান, ড. মুহম্মদ জাফর ইকবাল এখন পুরোপুরি সুস্থ। চিকিৎসা ছাড়পত্র পাওয়ার পর আজ দুপুরে তিনি সিলেট পৌঁছাবেন। তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে।
গত ৩ মার্চ (শনিবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পেছন থেকে অধ্যাপক জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করেন আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবক। পরে তাকে শিক্ষার্থীরা ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
অধ্যাপক জাফর ইকবালকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর রাতেই হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়। এরপর ৩ মার্চ রাত থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন ড. জাফর ইকবাল। ওইদিন বিকালে শাবিপ্রবি ক্যাম্পাসে তিনি হামলার শিকার হন।
এদিকে এ ঘটনায় ফয়জুল, তার ভাই, বাবা ও মামা পুলিশ রিমান্ডে রয়েছে।