Sylhet Today 24 PRINT

মুজাহিদের জন্য ১ দিন হরতাল জামায়াতের

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুন, ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলের রায়ে সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হরতালের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে মুজাহিদের ভাই ও ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমির আলী আহসান মোহাম্মদ খালেছ জানিয়েছিলেন বুধ ও বৃহস্পতিবার দু’দিনের হরতাল কর্মসূচি আসছে। পরে জামায়াতের বিবৃতিতে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। যদিও এর আগে জামায়াতের অন্য নেতাদের চূড়ান্ত রায়ের পর ২দিন বা ৩ দিনের হরতাল দিয়েছিল দলটি।

মুজাহিদসহ যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত ও বিচারাধীন সব জামায়াত নেতার মুক্তি দাবি করা হয় বিবৃতিতে। বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে দলের সব নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয় বিবৃতিতে।

মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন মুজাহিদ। মঙ্গলবার আপিলের রায়ে তার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখা হয়।

মুজাহিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা সাতটি অভিযোগের মধ্যে ১, ৩, ৫, ৬ ও ৭ নম্বর অভিযোগ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়। এতে প্রথম অভিযোগে সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনকে অপরণের পর হত্যা এবং ষষ্ঠ অভিযোগে বুদ্ধিজীবীসহ গণহত্যার ষড়যন্ত্র ও ইন্ধনের অভিযোগে ফাঁসির আদেশ দেয়া হয় এই জামায়াত নেতার। একই সাজা হয় সপ্তম অভিযোগে, ফরিদপুরের বকচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর বর্বর হামলা চালিয়ে হত্যা-নিযার্তনের ঘটনায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.