Sylhet Today 24 PRINT

জুলাইয়ের মধ্যে সিলেটসহ ৫ সিটি নির্বাচন করতে চায় ইসি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০১৮

জুলাই মাসের মধ্যেই খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট এবং গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা।

তিনি জানান, এরইমধ্যে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। এই পাঁচ সিটির ভোট নিয়ে সরকারের মতামত চেয়ে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে সীমানা, ওয়ার্ড বিভক্তি, আদালতের আদেশ প্রতিপালনসহ নির্বাচনের বিষয়ে সকল অগ্রগতিও স্থানীয় সরকার বিভাগের কাছে জানতে চেয়েছে ইসি।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধনীতে এ কথাগুলো বলেন তিনি। স্থানীয় নির্বাচন দফতর আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিইসি।

২০১৩ সালের ১৫ জুন একযোগে ভোটগ্রহণ হয়েছিল চার সিটিতে। তার ২০ দিন পরেই ছিল গাজীপুর সিটির নির্বাচন। এই ৫ সিটিরই মেয়র এবং কাউন্সিলরদের মেয়াদ একেবারে শেষের দিকে। পাঁচ সিটির মধ্যে গাজীপুরের মেয়াদ পূর্ণ হবে আগামী ৪ সেপ্টেম্বর। এরপর খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর, সিলেট ৮ অক্টোবর এবং বরিশালের ২৩ অক্টোবর। আগে এসব সিটির নির্বাচন নির্দলীয়ভাবে হলেও এবার হবে দলীয় প্রতীকে।

এদিকে চায়ের দোকান থেকে নগর ভবন। সিলেট সিটি কর্পোরেশনের পাড়া মহল্লায় এখন হরদমে চলছে ভোটের আলোচনা। ভোটাররও দিন গুনছেন নতুন নগরপিতার অপেক্ষায়। সিটি নির্বাচনের এই উত্তাপ ছড়িয়েছে রাজশাহী, গাজীপুর, বরিশাল এবং খুলনায়ও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.