সিলেটটুডে ডেস্ক | ১৫ মার্চ, ২০১৮
কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করতে ঢাকা থেকে নয় সদস্যের বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল নেপালে গেছেন।
বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল ১১টায় তারা কাঠমান্ডুর উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক এএইচএম এনায়েত হোসেন এসব তথ্য জানিয়েছেন।
এ টিমের সদস্যরা হলেন- ঢামেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. লুতফর কাদের লেনিন, ঢামেকের সহকারী অধ্যাপক ডা. হোসেন ইমাম, অধ্যাপক ডা. মনসুর রহমান, ডা. এ কে এম ফেরদৌস রহমান ও ডা. মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সহকারী অধ্যাপক ডা. মুশফিকুর রহমান, ডা. রিয়াদ মজিদ ও সহকারী রেজিস্টার ডা. রাজিব আহমেদ, অ্যাডিশনাল সুপারিটেন্ডেন্ট অব পুলিশ (ক্রাইম সিন, সিআইডি) আবদুস সালাম, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ ও অ্যাসিস্ট্যান্ট ডিএনএ স্পেশালিষ্ট (সিআইডি) আশরাফুল আলম।
অধ্যাপক এএইচএম এনায়েত হোসেন জানান, এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ নিজেও পরিস্থিতি পর্যবেক্ষণে কাঠমান্ডু যাবেন। এখন তিনি ভারতের দিল্লিতে অবস্থান করছেন।
নেপাল যাবার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টিএমের সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ।
তিনি বলেন, আমরা সেখানে যাবো এরপর পরিস্থিতি অবজারভেশন করবো। এরপর পরিস্থিতি বলে দেবে আমাদের সেখানে কতদিন থাকতে হবে।
গত সোমবার ঢাকা থেকে কাঠমান্ডুগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইট অবতরণের সময় বিমানবন্দরের পাশে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে থাকা ৭১ জনের মধ্যে ৫১ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে অন্তত ২৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত ৯ জন বাংলাদেশিকে কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর একজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।