Sylhet Today 24 PRINT

কোটা সংস্কার : পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ রোববার

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০১৮

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে রোববার (১৮ মার্চ) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী, এ দিন সকাল ১০টায় দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয় ও জেলা শহরে এ বিক্ষোভ পালিত হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান ও মো. রাশেদ খান।

এ সময় হাসান আল মামুন বলেন, বুধবার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো ধরণের উস্কানি ছাড়াই পুলিশ হামলা চালিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় অভিমুখে রওয়ানা দিয়েছিলাম। কিন্তু হাইকোর্টের সামনে গেলে পুলিশ বলে আপনারা আর যেতে পারবেন না। তখন আমরা সেখানে অবস্থান নিয়েছিলাম। এক পর্যায়ে পুলিশের সহযোগিতায় ১০ জনের একটি প্রতিনিধি দল যখন মন্ত্রণালয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তখনই তারা (পুলিশ) কোনো ধরণের উস্কানি ছাড়াই আমাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। আটক করা হয় ৩ জনকে। এরপর আমরা ৫০-৬০ জন তাদের ছাড়াতে রমনা থানায় গেলে পুলিশ সেখানে আমাদের কৌশলে আটক করে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আমাদের একটু পানিও দেয়া হয়নি।

যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, আমরা বঙ্গবন্ধুর অহিংস আন্দোলনে বিশ্বাসী। কিন্তু পুলিশ বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি থেকে কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি হলো- সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটায় যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেয়া, সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা, নিয়োগপরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.