Sylhet Today 24 PRINT

লাশ শনাক্তে ১০ দিন লাগবে: ডা. সোহেল

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০১৮

নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহতদের ডিএনএ টেস্ট করে লাশ শনাক্ত করতে ১০ দিন লাগবে বলে জানিয়েছেন ডিএনএ বিশেষজ্ঞ ডাক্তার সোহেল আহামেদ। বৃহস্পতিবার (১৫ মার্চ) কাঠমান্ডুতে পৌঁছানোর পর এ কথা জানান তিনি।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ থেকে ৯ সদস্যের মেডিক্যাল টিমের মধ্যে ৬ জন নেপালে যান। পাসপোর্ট সংক্রান্ত জটিলতায় বাকি তিন জন যেতে পারেননি। তারা পরে যাবেন।

এখন পর্যন্ত আটজনের মৃতদেহ শনাক্ত করা গেছে। তবে ঘটনার চার দিন পরও কোনো মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়নি। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, পরিচয় নিয়ে কোনো সন্দেহ থাকলে মরদেহ হস্তান্তরে ডিএনএ টেস্ট করার বাধ্যবাধকতা রয়েছে। এজন্য নেপালে পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যেকের পরিচয় নিশ্চিত হয়েই লাশ হস্তান্তর করা হবে।

ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালের ফরেনসিক ডিপার্টমেন্ট প্রধান ড. প্রমোদ শ্রেষ্ঠ গণমাধ্যমকে জানিয়েছেন, পরিচয় সুনিশ্চিত হয়েই তারা মরদেহ হস্তান্তর করতে চান। ইতিমধ্যে ৩০টি মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। এদের মধ্যে ৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানিয়েছেন, ময়নাতদন্ত, ডিএনএ নমুনা সংগ্রহ ও পরিচয় জানতে চারটি বিশেষজ্ঞ দল কাজ করছে। এর মধ্যে দু’টি দল ময়নাতদন্ত করছে। একটি দল মরদেহের নানা নমুনা নিয়ে সেখান থেকে পরিচয় জানার চেষ্টা করছে। আর অন্যটি পরিবারের স্বজনদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। এই চারটি দল সম্মিলিতভাবে একটি মরদেহের পরিচয় নিশ্চিত করার কাজটি করবে। এজন্যই নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বিধ্বস্তের ঘটনায় আহত ১০ জন বাংলাদেশির মধ্যে সাতজনকে হাসপাতাল ছাড়ার অনুমতি দিয়েছে নেপালের হাসপাতাল কর্তৃপক্ষ। কাঠমান্ডু মেডিকেল কলেজে ভর্তি আশঙ্কাজনক অবস্থায় থাকা দুই বাংলাদেশিকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো দেশে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এদের মধ্যে শাহরীন আহমেদকে ঢাকায় ও ইয়াকুব আলীকে নয়াদিল্লিতে পাঠানো হয়েছে।

এর আগে কাঠমান্ডুর ওম হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন ডা. রেজওয়ানুল হক শাওনকে উন্নত চিকিৎসার জন্য বুধবার রাতে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশের বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বুধবার টিচিং মেডিকেলের মর্গ দেখে এসে জানান, (নিহত বাংলাদেশিদের মধ্যে) ৮ জন ছাড়া কাউকেই শনাক্ত করার উপায় নেই। দুর্ঘটনায় যেসব মরদেহ স্বাভাবিক প্রক্রিয়ায় শনাক্ত করা যাবে না, তাদের প্রত্যেকের ডিএনএ পরীক্ষার পর স্বজনদের কাছে তা হস্তান্তর করা হবে। মরদেহ শনাক্ত করা নিয়ে জটিলতা দেখা দেওয়ায় দুই দেশ এই সিদ্ধান্ত নিয়েছে।

বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ল্যাবে ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিয়িক এসিড) পরীক্ষা করা হবে। নমুনা সংগ্রহ করতে এরই মধ্যে সিআইডি’র দুই বিশেষজ্ঞ কর্মকর্তা নেপাল গেছেন। এছাড়া নিহতদের স্বজনদেরও ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।

সোমবার (১২ মার্চ) ইউএস বাংলা এয়ারলাইন্সের বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ উড়োজাহাজটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে নেপালে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনার শিকার হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.