Sylhet Today 24 PRINT

মেয়ের এমন মৃত্যুতে গর্বিত পৃথুলার মা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০১৮

নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলার উড়োজাহাজের কো-পাইলট পৃথুলা রশীদ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন। মৃত্যুকে আলিঙ্গন করেছেন অনেকের জীবন বাঁচিয়ে। তার মৃত্যু নিয়ে মা রাফেজা বেগম শোকে মুহ্যমান নন, বরং গর্বিত।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পৃথুলাদের মিরপুরের বাসায় গেলে পৃথুলার মা আবেগজড়িত কণ্ঠে নিজের এ গর্বের কথা প্রকাশ করে বলেন, ‘মেয়েকে স্যালুট দেই। অন্যদের বাঁচাতে গিয়ে যে মেয়ে জীবন দিয়েছে তার জন্য আমি গর্বিত। গতকালও সে স্বপ্নে এসে আমাকে মিষ্টি খাইয়ে গেছে।’

সোমবারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। শুধু হতাহতের স্বজন নয়, তাদের মৃত্যুতে শোকার্ত পুরো জাতি। এজন্য বৃহস্পতিবার সারাদেশে শোক পালন করা হয়।

পৃথুলার মা রাফেজা বেগম একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। পাইলট পৃথুলা রশিদ ছিলেন রাফেজা বেগমের একমাত্র মেয়ে। মেয়ের মুখটা শেষবারের মতো দেখার ব্যবস্থা করার জন্য সেতুমন্ত্রীর কাছে অনুরোধ জানান তিনি। মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকারের পক্ষ থেকে সব প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

এসময় নিহত মেয়ের স্মৃতিচারণ করে রাফেজা বেগম বলেন, আমার মেয়ে ছিল শ্রেষ্ঠ মেয়ে। রাতে আমার ঘুম না আসা পর্যন্ত সে নিজের ঘরে যেত না, আমাকে প্রতি রাতে সে গুড নাইট বলে নিজের ঘরে যেত। কে এখন আমাকে ঘুম পারাবে।

পৃথুলার মা বলেন, চাকরি শুরুর পর থেকে বেতনের পুরো টাকা মেয়ে আমার হাতে তুলে দিত। সে বলতো, তুমি অনেক কষ্ট করছ-এই টাকা দুই হাতে খরচ করো, আমি সেটা চোখে দেখতে চাই।

এদিকে মেয়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকে পৃথুলার বাবা আনিসুর রশীদ কিছুটা অপ্রকৃতিস্থ। স্বজনরা জানান, পৃথুলার প্রতিটি কাজের সঙ্গী ছিলেন বাবা আর মা। স্কুল-বিশ্ববিদ্যালয় পেরিয়ে চাকরিতে ঢোকার পরও বাবা মেয়েকে একা বেরুতে দিতেন না।

গত সোমবার ইউএস-বাংলার উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর থেকে আনিসুর রশিদ আর রাফেজা বেগমের দিনগুলো থমকে গেছে। তাদের গোসল নেই, খাওয়া নেই, ঘুম নেই। পুরো পরিবার শোকে আচ্ছন্ন, স্বজনরা তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.