সিলেটটুডে ডেস্ক | ১৬ মার্চ, ২০১৮
নেপালে বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া একই পরিবারের স্বর্ণা, মেহেদি ও অ্যানি তিনজনের কেউই শঙ্কামুক্ত নয়। তাদের পর্যবেক্ষণে রাখা হবে। শনিবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হবে। যখন তাদের হাসপাতাল থেকে সুস্থ করে ছেড়ে দিতে পারবো, তখন বলবো শঙ্কামুক্ত।
শুক্রবার (১৬ মার্চ) বিকেলে তিনজনকে ঢামেকে আনার পর এমনটাই বললেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় আহত একই পরিবারের তিনজনকে শুক্রবার বিকেল পৌনে ৫ টার দিকে হজরত শাহজালাল (র.) বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে ঢামেক হাসপাতালে আনা হয়।
ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘অ্যানির ডান পায়ে ফ্রাকচার আছে, সঙ্গে ইনজুরিও আছে। স্বর্ণায় শরীরের বাম দিকে ব্যথা আছে, ইনজুরি আছে এবং শ্বাসনালীতে বার্ন আছে। মেহেদীর হাতে কাটা দাগ আছে এবং ঘাড়ে ও পায়ে ইনজুরি আছে, ফ্রাকচার আছে।
তিনি বলেন, শাহরিনসহ এ তিন জনের জন্য রোববার মেডিক্যাল বোর্ড বসবে। তাদের ঢামেক হাসপাতালের ভিআইপি ১ ও ২ নম্বর কেবিনে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ‘তিন জনের প্রত্যেকেই সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে আছে। এদের কোনও পোড়া নেই কিন্তু এদের যেহেতু আঘাত আছে এবং শ্বাসনালীর ইনজুরি আছে সেহেতু এদের অর্থোপেডিকস এবং রেসপিরেটরি মেডিসিনের চিকিৎসকদের দেখানো হবে। এদের সুস্থ হতে ন্যূনতম ছয় সপ্তাহ সময় লাগবে।’
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘প্রধানমন্ত্রী আজ দুপুরে আবারও ফোন করে বলেছেন, এই রোগীদের জন্য যা যা করা দরকার সবকিছুই যেন করা হয় তা বলেছেন। এ জন্য সরকার সার্বিক সহযোগিতা দেবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।’