Sylhet Today 24 PRINT

পাইলট আবিদের স্ত্রী লাইফ সাপোর্টে

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মার্চ, ২০১৮

ইউএস বাংলার নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমের স্বাস্থ্যের অবনতি হয়েছে। সোমবার (১৯ মার্চ) তাকে লাইফ সা‌পো‌র্টে নেয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার সকালে তিনি ফের স্ট্রোক করলে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়। আগারগাঁওয়ের নিউরো সাইন্স হাসপাতালে সোয়া ১০টার দিকে আফসানা খানমের  অস্ত্রোপচার শুরু হয়।

হাসপাতালের ইনফরমেশন ডেস্কের কর্মকর্তা শিহাব বলেন, তার (আফসানা খানম) অবস্থা ক্রিটিক্যাল। সকালে আবারও তিনি স্ট্রোক করছেন। তাকে বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

নিহত ক্যাপ্টেন আবিদ সুলতানের পারিবারিক বন্ধু ও ইউএস বাংলার সাবেক সহকর্মী ক্যাপ্টেন ওয়াহেদু উন নবী জানিয়েছেন, অস্ত্রোপচার শেষে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বর্তমানে তিনি (আফসানা খানম) কোমায় আছেন।

গতকাল রোববার রাজধানীর উত্তরার বাসায় স্ট্রোক করেন পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম। পরে পরিবারের সদস্যরা তাকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করেন। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় সেখানে অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

তবে রোববার বিকেলে অাফসানা খানমের বাবা ড. এম এ কাশেম শেখ  সাংবাদিকদের জানান, তিনি আইসিইউতে মেয়েকে দেখে এসেছেন। তার অবস্থা ভালো।

উল্লেখ্য, ঢাকা থেকে ৭১ আরোহী নিয়ে গত ১২ মার্চ দুপুরে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে নামার সময় ইউএস-বাংলার ফ্লাইট বিএস-২১১ রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়।

এতে বিমানের ৫১ আরোহী নিহত হন। উড়োজাহাজে চার ক্রুসহ ৩৬ বাংলাদেশি ছিলেন। এদের ২৬ জনই নিহত হয়েছেন। গতকাল শনিবার পর্যন্ত ২৮ লাশ সনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭ জন বাংলাদেশি রয়েছেন। বাকিদের মধ্যে ১০ জন নেপালি ও একজন চীনের নাগরিক। ওই দুর্ঘটনায় বিমানের পাইলট আবিদ সুলতান নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.