সিলেটটুডে ডেস্ক | ১৯ মার্চ, ২০১৮
নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির মরদেহ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি কার্গো বিমান। সোমবার (১৯ মার্চ) বেলা ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর ভিভিআইপি টার্মিনালে অবতরণ করে বিমানটি।
এসময় মরদেহগুলো গ্রহণ করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।
এরপর মরদেহবাহী কফিনগুলো নাম ধরে ধরে অ্যাম্বুলেন্সে ঢোকানো হয়। এখান থেকে এ ২৩ মরদেহ নিয়ে যাওয়া হবে আর্মি স্টেডিয়ামে। সেখানে তাদের নামাজে জানাজা সম্পন্ন হবে। এসময় তাদের মরদেহে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে স্থানীয় সময় দুপুর ২টার পর কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
সকালে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের কাছে নিহত ২৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়।
এর পর ৯টার দিকে দূতাবাসের উদ্যোগে নিহতদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন নেপাল সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিরাও।
উল্লেখ্য, ১২ মার্চ দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগমুহূর্তে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট।