Sylhet Today 24 PRINT

খালেদার মামলার পরামর্শে ব্রিটিশ আইনজীবী নিয়োগ

সিলেটটুডে ডেস্ক |  ২০ মার্চ, ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান মামলায় আইনজীবীদের পরামর্শ দেওয়ার জন্য ব্রিটিশ আইনজীবী নিয়োগ দিয়েছে দলটি।

মঙ্গলবার (২০ মার্চ) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, লর্ড কারলাইন আন্তর্জাতিক আইন মেনেই খালেদা জিয়ার আইনজীবীদের পরামর্শ দেবেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রয়োজন সাপেক্ষে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নেত্রীর মামলার ব্যাপ্তি ঘটাতে হাউজ অব লর্ডসের সদস্য লর্ড কার্লাইলকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এখন থেকে আমাদের আইনজীবীদের পরামর্শ দেবেন। একই সঙ্গে তিনি মামলায় সার্বিক বিষয়ে কাজ করবেন। প্রয়োজনে তিনি বাংলাদেশে আসবেন বলেও জানান ফখরুল।

ফখরুল বলেন, খালেদা জিয়ার নামে ৩৬টি মামলা দেয়া হয়েছে। নজিরবিহীন ভাবে মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে প্রবাসী বন্ধুরা যারা ব্রিটেনে জাতীয়তাবাদী দলের সঙ্গে যুক্ত আছেন তারা সেখানকার আইনজীবীদের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রখ্যাত আইনজীবীকে নিয়োগ দিয়েছেন। পেরুর লর্ড কার্লাইল ব্রিটিশ কুইন্স কাউন্সিল এবং হাউজ অফ লর্ডসের সদস্য।

তিনি মামলা পরিচালনায় জেনারেল 'ল' এবং আন্তর্জাতিক মানবাধিকার মানা হচ্ছে কিনা সে বিষয়ে আমাদের আইনজীবী পরিষদকে সহায়তা করবেন- জানান ফখরুল।

এসময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, আবু খায়ের ভূঁইয়া, সহ সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, সহ দফতর তাইফুল ইসলাম, বেলাল আহমেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.