Sylhet Today 24 PRINT

বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল

সিলেটটুডে ডেস্ক |  ২০ মার্চ, ২০১৮

বাংলাদেশ চা বোর্ডের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামকে বডার গার্ড বাংলাদেশ-বিজিবির নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ সেনা কর্মকর্তাকে প্রেষণে মহাপরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব এম কাজী ইমদাদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

একই প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানকে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে গত ৭ মার্চ বিজিবির ডিজি মেজর জেনারেল আবুল হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়।

প্রসঙ্গত, মেজর জেনারেল সাফিনুল ১৯৬৬ সালের ২ মার্চ জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালের ২৫ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগ দেন, ১৯৮৬ সালে ২৭ জুন কর্পস অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন।

২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন সাফিনুল ইসলাম। এর আগে তিনি যশোরের ১০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.