Sylhet Today 24 PRINT

মানবতাবিরোধী অপরাধ: লাখাই\'র তিন জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক |  ২১ মার্চ, ২০১৮

মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই'র শফি উদ্দিন মাওলানা, তাজুল ইসলাম ওরফে ফোকন এবং জাহিদ মিয়া নামে তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত  করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে তদন্ত প্রতিবেদনে।

বুধবার (২১ মার্চ) ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এ সময় তদন্ত সংস্থার কর্মকর্তা আব্দুল হান্নান খান ও সানাউল হক উপস্থিত ছিলেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালের ৩১ অক্টোবর রাত তিনটা থেকে বিকাল চারটা পর্যন্ত মুড়িয়াউক গ্রামের ইদ্রিস মিয়ার বাড়ি, শফি মাওলানার বাড়ী এবং উজদার বিলে ঘটনা ঘটে। ইদ্রিস মিয়াকে তার বাড়ি থেকে আটক পূর্বক অপহরণ করে নির‌্যাতন ও হত্যা করা হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, আটক, নির্যাতন, অপহরণের অভিযোগ করা হয়েছে।

আসামিদের মধ্যে শফি উদ্দিন মাওলানা ছাড়া বাকি দু’জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। শিগগিরই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের কাছে দাখিলের কথা জানিয়েছে তদন্ত সংস্থা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.