Sylhet Today 24 PRINT

খালেদার সাজা বাড়াতে দুদকের আবেদনের শুনানি কাল

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়াতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল আবেদন গ্রহণ করা হ‌বে কি ন‌া সে বিষ‌য়ে শুনানি হবে আগামীকাল বুধবার (২৮ মার্চ)।

মঙ্গলবার (২৭ মার্চ) দুদকের আবেদনটি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের হাইকোর্টে উপস্থাপন করা হলে বিষয়টি বুধবার কার্যতালিকায় আসবে বলে জানান আদালত।

পরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, আবেদনটি হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। বুধবার এটি হাইকোর্টের কার্যতালিকায় আসবে। সেদিন শুনানি হবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম এবং তারেক রহমানসহ পাঁচজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ছয় আসামির সবাইকে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এরপর থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।

দুদকের আইনজীবীর ভাষ্য, ওই মামলার মূল আসামি খালেদা জিয়া। তাঁকে বিচারিক আদালত পাঁচ বছর সাজা দিয়েছেন। অথচ তাঁর সহযোগী অপর আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় যেখানে সহযোগী আসামিদের ১০ বছর কারাদণ্ড হয়েছে, সেখানে মূল আসামির পাঁচ বছরের কারাদণ্ড আইন অনুমোদন করে না।

বিচারিক আদালতের রায়ের যুক্তিগুলো আবেদনে চ্যালেঞ্জ করা হয়েছে। বয়স ও সামাজিক অবস্থার কথা বিবেচনা করে খালেদা জিয়াকে দেওয়া পাঁচ বছর কারাদণ্ড আইনে গ্রহণযোগ্য নয় বলেও আবেদনে উল্লেখ করা হয়। বিচারিক আদালতের রায় ঘোষণার ১ মাস ১৭ দিনের মাথায় গত রোববার দুপুরে দুদক হাইকোর্টে এই আবেদন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.