Sylhet Today 24 PRINT

এইচএসসি কোচিং বন্ধ ২৯ মার্চ থেকে

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০১৮

এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আগামী বৃহস্পতিবার (২৯ মার্চ) থেকে এইচএসসি’র কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৭ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ।

তিনি বলেন, আগামী ২ এপ্রিল শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার চারদিন আগে, অর্থাৎ আগামী ২৯ মার্চ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী পরীক্ষা শুরুর সাতদিন আগে সব কোচিং সেন্টার বন্ধ করার নিয়ম। এর আগে নিয়ম মেনেই পরীক্ষার সাতদিন আগে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছিল। তবে এবার সময় স্বল্পতাসহ বিভিন্ন কারণে পরীক্ষার চারদিন আগে থেকে কোচিং সেন্টারগুলো বন্ধের নির্দেশনা দেওয়া হল।

এছাড়া ২৫ মার্চের এক সভায় পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে প্রশ্নের সেট নির্ধারণ হবে বলেও সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছিলেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন। সেই সাথে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে আসন গ্রহণ করার নির্দেশনা আছে পরীক্ষার্থীদের প্রতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.