Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার জামিন ৫ এপ্রিল পর্যন্ত বাড়ল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০১৮

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী ৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন আদালত।

অসুস্থতার কারণে কারাগার থেকে আজ বুধবার (২৮ মার্চ) আদালতে হাজির হতে না পারায় পুরান ঢাকার বকশী বাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ ৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এই আদেশ দেন।

ঢাকা মহানগর পিপি (পাবলিক প্রসিকিউটর) আব্দুলাহ আবু বলেন, খালেদা জিয়াকে আজ আদালতে হাজির করার সকল প্রস্তুতি আমাদের ছিল কিন্তু কারাগারের চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়া অসুস্থ। তাকে বাইরে বের করা যাবে না। তাই সকল প্রস্তুতি নেওয়ার পরও আজ তাকে আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না।

প্রসিকিউশনের পক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, 'দুইজন আসামি অনুপস্থিত। একজন আসামি খালেদা জিয়া আদালতে আসনেনি। কি কারণে তিনি আসেনি এটা আমার জানা নেই। এটা কারা কর্তৃপক্ষ বলতে পারবে। অনিবার্য কারণে তাকে আনা হয়নি।'

পরে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এই মামলায় খালেদা জিয়ার জামিন বাড়ানোর আবেদন করেন। মোশাররফ হোসেন এর বিরোধিতা করে বলেন, খালেদা জিয়া অন্য একটি মামলায় কারাগারে আছেন। কারাগারে থাকার কারণে তার জামিনের কোনো সুযোগ নেই। তখন সানাউল্লাহ মিয়া বলেন, জামিনের সঙ্গে কারাগারে থাকা বা না থাকার কোনো সম্পর্ক নেই।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক আখতারুজ্জামান বলেন, আগামীকালও এ মামলার শুনানির দিন ছিল। কিন্তু শুনানি হবে না। আগামী ৫ এপ্রিল এ মামলার শুনানির দিন ধার্য হলো। একই সঙ্গে ওই দিন পর্যন্ত খালেদা জিয়া এই মামলার জামিনে থাকবেন বলে তিনি আইনজীবীদের জানান।

গত ১৩ মার্চ রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২৮ ও ২৯ মার্চ খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে দুদক। তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.