Sylhet Today 24 PRINT

ব্লগার নিলয় হত্যার প্রতিবেদন দাখিল পিছিয়ে ৬ মে

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০১৮

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৬ মে ধার্য করেছেন আদালত।

বুধবার (২৮ মার্চ) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকা মহানগর হাকিম আমিনুল হক প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনই হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় উপ-মহাদেশ শাখা (একিউআইএস)।

এ ঘটনায় ওই দিনই রাত সাড়ে ১১টার দিকে নিলয়ের স্ত্রী অজ্ঞাতপরিচয় ৪ জনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর বিভিন্ন সময় আনসারুল্লাহ বাংলাটিমের সাত সদস্যকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয়।

গ্রেপ্তারকৃত ৭ জনের মধ্যে মাওলানা মুফতি আ. গাফফার, মর্তুজা ফয়সাল সাব্বির, কাওছার হোসেন সর্দার, কামাল হোসেন সরদার, সাদ আল নাহিদ কারাগারে আছেন। এছাড়া মাসুম রানা ও তরিকুল ইসলাম নামে দুইজন জামিনে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.