Sylhet Today 24 PRINT

জাপানি হত্যা মামলার আইনজীবী নিখোঁজ; আটক ৫

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৮

রংপুরে জাপানের নাগরিক হোসি কুনিও ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার প্রধান আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবী করছেন তার পরিবার।

শুক্রবার (৩০ মার্চ) সকাল থেকে তিনি নিখোঁজ বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় রংপুরের কোতোয়ালী থানায় জিডি করেছেন নিখোঁজের ভাই ।

রথীশ চন্দ্র ভৌমিকের স্ত্রী স্নিগ্ধা সরকার বলেন, 'শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। মোটর সাইকেল একজনের সঙ্গে বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পাচ্ছি না। আমি আমার স্বামীকে ফেরত চাই।'

অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিকের ছোট ভাই সুশান্ত ভৌমিক জানান, অপরিচিত একজন লোক মোটর সাইকেলে নিয়ে তার দাদাকে ডাকতে আসেন বাড়িতে। তার সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যান রথীশ চন্দ্র। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ খবর নিয়েও তার কোন খবর পাওয়া যায়নি উল্লেখ করে সুশান্ত বলেন, 'আত্মীয় স্বজন সকলের বাড়িতে খোঁজ করেছি। কেউ তার বিষয়ে কিছু বলতে পারছে না। বিষয়টি পুলিশকে জানিয়েছি। কিন্তু তারাও কোন তথ্য দিতে পারছে না।'

এদিকে নিখোঁজের ঘটনায় এলাকার উত্তেজিত লোকজন রংপুর-বগুড়া-কুড়িগ্রাম সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে শত শত যানবাহন আটকা পড়ে।

এছাড়া রংপুর তাজহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রথীশ চন্দ্র ভৌমিককে উদ্ধারের দবিতে ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা তাজহাট এলাকায় সড়ক অবরোধ করেন। রংপুর লায়ন্স স্কুল ও কলেজের শিক্ষার্থী-শিক্ষকরাও রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তাকে দ্রুত উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

রথীশ চন্দ্র ভৌমিক রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও ও মাজারের খাদেম হত্যা মামলার হত্যা মামলার পিপি ছিলেন। এসব মামলায় জঙ্গিদের ফাঁসির রায়ও হয়েছে।

এছাড়া রথীশ চন্দ্র ভৌমিক জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। তিনি জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদকের দায়িত্বেও রয়েছেন বলে জানান রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল।

এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ জিজ্ঞাবাসাদের জন্য ৫ জনকে আটক করেছে। রথীশ চন্দ্র ভৌমিককে উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর চারটি টিম মাঠে কাজ করছে বলে জানান রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন।

তিনি আরো বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। তবে এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.