Sylhet Today 24 PRINT

স্বাস্থ্য পরীক্ষার পর ফের কারাগারে খালেদা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই মাস পর কারাগার থেকে বেরিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর কারাগারে ফেরত গেলেন।

শনিবার (৭ এপ্রিল) সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছিল। স্বাস্থ্য পরীক্ষা শেষে দুপুর পৌনে ২টার দিকে তাকে ফের কারাগারে নেওয়া হয়।

বিএসএমএমইউ’র চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার সময় খালেদা জিয়া কেবিন ব্লকের ৫১২ নম্বর কক্ষে অবস্থান করেন। তার কয়েকটি এক্সরে করা হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার আগে শনিবার সকাল থেকে হাসপাতাল প্রাঙ্গণে পুলিশের তৎপরতা পরিলক্ষিত হয়। হাসপাতালের কেবিন ব্লকের চারপাশে মোতায়েন করা হয় পুলিশ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। ওইদিন থেকেই তিনি কারাগারে রয়েছেন। নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের ডে-কেয়ার সেন্টারে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় রাখা হয়েছে তাকে।

কারা কর্তৃপক্ষের অনুরোধে গত শনিবার খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক শামসুজ্জামান নেতৃত্বে চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের অপর সদস্যরা হলেন— হাসপাতালের মেডিসিন বিভাগের ডা. টিটু মিয়া, নিউরোলজি বিভাগের ডা. মনসুর হাবীব ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের ডা. সোহেলী রহমান।

এই মেডিকেল বোর্ডের চার সদস্য গত রোববার দুপুরে ঢাকার নাজিমুদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে ডা. শামসুজ্জামান জানান, বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা খুব খারাপ নয়। তবে কিছু সমস্যা পাওয়া গেছে।

এরপর এই মেডিকেল বোর্ডের সুপারিশের ভিত্তিতেই শনিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.