Sylhet Today 24 PRINT

ছাড়পত্র পেলেন শাহরিন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৮

নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহত শাহরিনকে ছাড়পত্র দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা।

রোববার (৮ এপ্রিল) সকাল দশটার দিকে তাকে ছাড়পত্র দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ও আহতদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. সামন্ত লাল সেন।

এসময় তিনি বলেন, শাহরিন এখন সুস্থ। তার শরীরের দগ্ধ স্থানে লাগানো চামড়া শুকিয়ে গেছে। এখন তাকে ছাড়পত্র দেওয়া হলেও দুই সপ্তাহ পর আবারও ফলোআপের জন্য তাকে হাসপাতালে আসতে হবে।

‘আহত অ্যানিও ভালো আছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী সপ্তাহে অ্যানিকেও হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. সামন্ত লাল জানান, দুর্ঘটনায় অপর আহত সিঙ্গাপুরে চিকিৎসাধীন কবির হোসেনের ডান পা কাটা হলেও বাম পায়ের ইনফেকশন কন্ট্রোল করা যাচ্ছে না বলে সিঙ্গাপুরের চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। পাশাপাশি আহত হাসি ও রেজাউল ভালো রয়েছে।

এর আগে গত ১২ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস২১১।

এতে নিহত হন ৫০ জন। এর মধ্যে পাইলট, কো পাইলট, কেবিন-ক্রুসহ ২৬ জন বাংলাদেশিও রয়েছেন। এছাড়া আহত হন আরও ১০ বাংলাদেশি।

এর মধ্যে তিনজনকে বিদেশে নিয়ে যাওয়া হলেও দেশে আনা হয় সাতজনকে। তাদের মধ্যে শাহিন ব্যাপারী নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে কবির হোসেনকে। আর নেপাল থেকে ফেরতের পর ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন মেহেদী হাসান, কামরুন্নাহার স্বর্ণা ও শেখ রাশেদ রুবায়েতও ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.