Sylhet Today 24 PRINT

বিকেলে বসছে সংসদের ২০তম অধিবেশন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৮

দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন আজ রোববার (৮ এপ্রিল) বিকাল ৫টায় শুরু হচ্ছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২১ মার্চ এ অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদের ২০তম অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ সংক্ষিপ্ত অধিবেশন ডাকা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, আসন্ন অধিবেশনের মেয়াদ পাঁচ থেকে সাত দিন হতে পারে। তবে বিকাল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় সংসদের ২০তম অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে। তবে সংক্ষিপ্ত হলেও এ অধিবেশন বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন হতে পারে।

এদিকে গত ২৮ ফেব্রুয়ারি সংসদের ১৯তম ও ২০১৮ সালের প্রথম অধিবেশন শেষ হয়। গত ৭ জানুয়ারি শুরু হওয়া ওই অধিবেশন ছিল বছরের প্রথম অধিবেশন। সংসদের প্রথা ও সংবিধান অনুযায়ী অধিবেশনের প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেন। ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সরকার ও বিরোধীদলের মোট ২৩৩ জন সংসদ সদস্য ৬৪ ঘণ্টা নয় মিনিট আলোচনা করেন। আলোচনা শেষে গত ২৭ ফেব্রুয়ারি সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.