Sylhet Today 24 PRINT

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০১৮

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠকটি শুরু হয়েছে।

বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এবং ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে।

এর আগে কেশব গোখলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রী  আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে গতকাল রোববার বিকেলে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। পররাষ্ট্র সচিব হিসেবে কেশব গোখলের এটি বাংলাদেশে প্রথম সফর।

এ সফরে দুই দেশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক ইস্যুতে আলোচনা হবে। দুই দেশের সম্পর্ককে কীভাবে আরো জোরদার করা যায়, তিস্তা এবং রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে কথা হবে।

বৈঠক শেষে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। এরপর দুপুর ১২টায় যৌথ বিবৃতি দেবেন দুই পররাষ্ট্র সচিব।

দুপুর ২টায় রাজধানীর একটি হোটেলে ইন্সটিটিউট অব পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্সের (আইপিএজি) উদ্যোগে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন বিজয় কেশব গোখলে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সফরকালে বিজয় কেশব গোখলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.