Sylhet Today 24 PRINT

ইমরান-নাদিয়ার বিচ্ছেদের খবর

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০১৮

বিয়ের এক বছর পার না হতেই গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কন্যা নাদিয়া নন্দিতা ইসলামের বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে খবর মিলেছে।

সোমবার (৯ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলন নিয়ে আলোচনার এক পর্যায়ে শিক্ষামন্ত্রী নিজেই এমন তথ্য জানান।

সূত্র জানায়, মন্ত্রিসভার বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী বলেন, শাহবাগের ইমরান এইচ সরকার কোটা নিয়ে গুজব ছড়াচ্ছেন। এ সময় অধিকাংশ মন্ত্রীই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দিকে তাকান।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর শিক্ষামন্ত্রী বলেন, কোটা নিয়ে কেউ যদি গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে থাকে, তবে তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। শিক্ষামন্ত্রী অন্যান্য মন্ত্রীদের উদ্দেশে আরও বলেন, ইমরান এইচ সরকারের সঙ্গে আমার পরিবারের বর্তমানে কোনো সম্পর্ক নাই। আমার মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল। কিন্তু গত তিনমাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নন্দিতার সঙ্গে বিয়ে হয় ইমরানের।

যুদ্ধাপরাধীদের শাস্তি দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরুর পর আলোচনায় উঠে আসেন অনলাইন অ্যাক্টিভিস্ট ইমরান। তিনি গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন।

রংপুর মেডিকেল কলেজের সাবেক ছাত্র ইমরান ছাত্রজীবনে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন।

তথ্যসূত্র: বিডিনিউজ ও জাগোনিউজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.