Sylhet Today 24 PRINT

সংসদ থেকে বিদায় নিলেন তালুকদার আবদুল খালেক

সিলেটটুডে ডেস্ক |  ১০ এপ্রিল, ২০১৮

খুলনা সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় সংসদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তালুকদার আবদুল খালেক।

আগামী দু’এক দিনের মধ্যে স্পিকারের কাছে পদত্যাগ করবেন জানিয়ে সংসদের সহকর্মীদের কাছ থেকে আবেগ আপ্লুত হয়ে বিদায় নিয়েছেন তিনি।

সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে একথা জানান তিনি।

এসময় তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, আমি যেখানেই থাকি না কেন, আমি যেন জনগণের জন্য কাজ করতে পারি। আওয়ামী লীগের পক্ষে কাজ করতে পারি সেই দোয়া করবেন।

তালুকদার খালেক কান্নাজড়িত কণ্ঠে সংসদে বলেন, আমি এই সংসদে ১৯৯১, ৯৬ এবং ২০০১ নির্বাচনে জয়ী হই। এরপর ২০১৪ সালে বাগেরহাট-৩ থেকে পুনরায় নির্বাচিত হয়েছি। আমি ২০০৮ সালে আওয়ামী লীগের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে জয় লাভ করি। তবে ২০১৩ সালে জয় লাভ করতে পারিনি। পরবর্তীতে আবারও সংসদ সদস্য নির্বাচিত হই’।

তিনি বলেন, রোববার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এবং বোর্ডের প্রধান জননেত্রী শেখ হাসিনা আমাকে খুলনা সিটি কর্পোরেশনে পুনরায় নির্বাচন করার জন্য সিদ্ধান্ত দিয়েছেন। আগামী ১২ এপ্রিল আমি মনোনয়ন দাখিল করবো। আমাকে এমপি পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করতে হবে। আমি হয়তো দু’এক দিনের মধ্যে আপনার (স্পিকার) কাছে পদত্যাগ করবো।

স্মৃতিচারণ করে এ সময় তিনি বলেন, এই আসনে বসেই ১৯৯১ সালে বিরোধী দলের আসনে বসেছিলাম। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে আমাকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.