সিলেটটুডে ডেস্ক | ১০ এপ্রিল, ২০১৮
নেপালে বিমান দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে চিকিৎসা শেষে আলমুন নাহার অ্যানি সকালে হাসপাতাল ছেড়েছেন। মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নেপালের ত্রিভুবন বিমনাবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় আহতদের মধ্যে অ্যানিই সর্বশেষ ব্যক্তি হিসেবে বাড়ি ফিরছেন।
আলমুন নাহার অ্যানির গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরে। গত মাসের ১২ তারিখে স্বামী এফএইচ প্রিয়ক, একমাত্র মেয়ে প্রিয়ন্ময়ী তামাররাকে নিয়ে অবকাশ যাপনে নেপালে যান।
অ্যানির পারিবারিক সূত্রে জানা গেছে, তাকে আজ তার শ্বশুরবাড়ি গাজীপুরে নিয়ে যাওয়া হবে। এরপর অ্যানিকে তার বাবার বাড়ি ময়মনসিংহে নিয়ে যাওয়া হবে।
প্রসঙ্গত, গত ১২ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় তাদের বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস২১১টি।
এতে নিহত হন ৫০ জন। এর মধ্যে পাইলট, কো পাইলট, কেবিন-ক্রুসহ ২৬ জন বাংলাদেশিও রয়েছেন। এছাড়া আহত হন আরও ১০ বাংলাদেশি।
এর মধ্যে আহত তিনজনকে বিদেশে নিয়ে যাওয়া হলেও দেশে আনা হয় সাতজনকে। তাদের মধ্যে শাহীন ব্যাপারী নামে একজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে কবির হোসেনকে। আর নেপাল থেকে ফেরতের পর ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন মেহেদী হাসান, কামরুন্নাহার স্বর্ণা ও শেখ রাশেদ রুবায়েতও ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
অ্যানি মাঝে চিকিৎসা নিয়ে বাড়ি গিয়েছিলেন। পরে আবারও হাসপাতালে ভর্তি হন।