সিলেটটুডে ডেস্ক | ১০ এপ্রিল, ২০১৮
দাবি আদায় না হওয়া পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই ঘোষণা দেন 'বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ' এর কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক মো. রাশেদ খান।
বাজেটের আগে কোটা সংস্কার নয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এমন বক্তব্য এবং ‘আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা’ বলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দেয়া বক্তব্য প্রত্যাহার না করায় এ ঘোষণা দেয়া হয়।
এসময় 'বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ' এর কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক মো. রাশেদ খান বলেন, আমরা গতকাল (সোমবার) আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে সচিবালয়ে আলোচনা করে ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমাদের এই সিদ্ধান্ত সারাদেশের ছাত্রসমাজ প্রত্যাখ্যান করেছেন। তাই আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট বক্তব্য না দেওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাব।
আন্দোলনে সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ থাকবে। প্রধানমন্ত্রীর ঘোষণা না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের কথাও জানান তিনি।
তিনি বলেন, আমরা যখন গতকাল সচিবালয়ে আলোচনা করছিলাম, তখনই কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সংসদে বলেছেন এ আন্দোলনের সঙ্গে জড়িতদের মধ্যে ৮০ শতাংশ নাকি রাজাকারের বাচ্চা। তার এ বক্তব্যের নিন্দা জানাই এবং প্রত্যাহারের দাবি জানাই।
তিনি আরও বলেন, আজ অর্থমন্ত্রী বলেছেন যে, এই বাজেটের আগে কোটা সংস্কার সম্ভব নয়। এতে বোঝা যায়, সরকার আমাদের এক মাসের আশ্বাস দিলেও তারা এই সংস্কার করতে চায় না। তাই আমরা এখন সুনির্দিষ্ট বক্তব্য না আসা পর্যন্ত রাস্তা ছাড়বো না।