Sylhet Today 24 PRINT

আজ থেকে আবারও সড়ক অবরোধ করবে আন্দোলনকারীরা

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০১৮

আজ বুধবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশে আবারও ক্লাস-পরীক্ষা বর্জন ও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেবে আন্দোলনকারীরা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেবে বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনের অবস্থান থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আজ থেকে সারাদেশে সড়ক অবরোধের ঘোষণা দেন।

এ ঘোষণা দিয়ে পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী নিজে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দিনের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর টিএসসি সংলগ্ন এলাকা থেকে আস্তে আস্তে সরে যেতে শুরু করেন আন্দোলনকারীরা। রাত সাড়ে ৮টার পর সড়কটি দিয়ে গাড়ি চলাচল শুরু হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা জানিয়েছেন, বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সড়কে নেমে আন্দোলন করবেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রেখেই কর্মসূচি পালন করবেন তারা।

নিজ নিজ প্রতিষ্ঠান সংলগ্ন সড়ক অবরোধের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনে সবাইকে অহিংস এবং ষড়যন্ত্রকারীরা যাতে কোনোভাবে আন্দোলন বানচাল করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.