Sylhet Today 24 PRINT

কোটা আন্দোলনকারীকে মারধরের অভিযোগে ছাত্রলীগ নেত্রী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক |  ১১ এপ্রিল, ২০১৮

কোটা সংস্কার আন্দোলনে থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের কয়েকজন ছাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে হল ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে।

ছাত্রলীগের হল শাখার সভাপতি ইশরাত জাহান ইশার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ওঠার পর ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১১ এপ্রিল) রাত পৌনে ৩টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসাইন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ সম্পর্কে জানানো হয়।

এদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোরশেদা খানমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত অপর শিক্ষার্থীরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের শারমীন সুলতানা কনা, গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের আফিফা আকতার রিমু ও ভূতত্ত্ব বিভাগের রিতু আক্তার।


এ ঘটনায় হল প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘সব আবাসিক শিক্ষকরা ছাত্রীদের শান্ত করার চেষ্টা করছে। কিন্তু তারা কেউ কথা শুনছে না। অভিযুক্তর ছাত্রীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। এরপরও কেউ আন্দোলন করলে তারা অন্য কিছু চায় বলে তিনি মন্তব্য করেন। চলে যাওয়ার সময় ছাত্রদের তোপের মুখে পড়েন প্রক্টর।’

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য হলগুলো থেকে শিক্ষার্থীদের বের হতে দেওয়া হচ্ছে না বলে হল সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের এক ছাত্রী জানিয়েছেন, কার্যত তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। হল গেটে তালা দিয়ে কাউকেই বের হতে দেওয়া হচ্ছে না।

শেষ খবর পাওয়া পর্যন্ত, রোকেয়া হলের সামনে শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন বলে জানা যায়। তারা হামলাকারীকে হল এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবী জানিয়ে স্লোগান দিচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.