Sylhet Today 24 PRINT

কোটা নিয়ে আজ সংসদে কথা বলবেন প্রধানমন্ত্রী: সেতুমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০১৮

সবাইকে ধর্য্য ধরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কোটা সংস্কার নিয়ে আজ জাতীয় সংসদে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

কোটা সংস্কারের দাবিতে সারাদেশে চলমান আন্দোলনের মধ্যে বুধবার (১১ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিককার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা।

ওবায়দুল কাদের বলেন, সরকার যেকোনো স্পর্শকাতর বিষয়ে দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্ব জ্ঞানহীন কথা বলতে নিষেধ করেছেন।

এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, কোটা ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমি সেই বার্তা তাদের কাছে পৌঁছে দিয়েছি। তাদের দাবিগুলো যৌক্তিক ও ইতিবাচক ভাবে দেখা হচ্ছে।

তিনি বলেন, তারা (আন্দোলনকারীরা) আমাদের সিদ্ধান্ত মেনে নিয়েছে, সুর মিলিয়েছিল। এরপর কী হলো? কেন আবারও কী কারণে তারা আন্দোলনে আছে সেটি আমার জানা নেই।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার পার্টির সেক্রেটারিকে পাঠিয়েছিলেন এটাই সরকারের বক্তব্য। বিভিন্ন কথা হচ্ছে, কেউ পার্সোনাল কথা বলতেই পারেন। তিনি মন্ত্রী হতে পারেন, বড় নেতা হতে পারেন। সেটি তাদের নিজস্ব বক্তব্য।

আওয়ামী লীগ এ নেতা বলেন, প্রধানমন্ত্রীর কথায় আস্থা রাখুন। কোটা আন্দোলনটা যেন বিভক্তির রাজনীতির শিকার না হয়। আমারা এর মধ্যে খবর পেয়েছি, কিভাবে এ আন্দোলনকে কারও মুক্তির আন্দোলনে পরিণত করা যায়, তার ষড়যন্ত্র হচ্ছে। নেতৃবৃন্দকে বলবো দায়িত্বশীল আচরণ করতে। আর যারা আন্দোলন করছে তারাও যে প্রধানমন্ত্রীর আশ্বাসে বিশ্বাস রাখে।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আমি আপনাদের বলবো কারোর রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হবেন না। শেখ হাসিনার সরকার ভুল হলেও ভুল সংশোধনের সৎ সাহস রাখে। মাঝখানে চিল কান নিয়ে গেল, সবাই এখন সেটির পিছু পিছু।

তিনি বলেন, স্পর্শকাতর সময় অতিক্রম করছে সরকার, এই সময়ে দায়িত্বশীল নেতাদের দায়িত্বশীল কথা বলা উচিত, দায়িত্বজ্ঞানহীন কথা বললে তা উস্কানিমূলক হয়।

মতিয়া চৌধুরীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, মতিয়া চৌধুরী আমাকে বলেছেন আমি সেটা বোঝাতে চাইনি। আমি বলার মানে ছিল যারা ভিসির বাড়িতে হামলা করতে পারে তাদের ঠেকাতে হবে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম প্রমুখ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.