সিলেটটুডে ডেস্ক | ১১ এপ্রিল, ২০১৮
কোটা সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে রেখেছে বাকৃবিতে শিক্ষার্থীরা। এদিকে স্লোগানে মুখরিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনের মুক্তমঞ্চ।
রেলওয়ের ময়মনসিংহ স্টেশন ইনচার্জ জহিরুল হক বলেন, “শিক্ষার্থীদের অবরোধের মুখে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা নামের ট্রেনটি বুধবার বেলা ১টার দিকে ফাতেমানগর স্টেশনে আটকা পড়ে।
“এর পর থেকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর আগে বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে একটা ট্রেন স্বাভাবিকভাবে ছেড়ে গেছে। পরবর্তী ট্রেনটি বেলা সাড়ে ৩টায় ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করে কয়েক হাজার সাধারণ শিক্ষার্থী সকাল থেকে কোটা সংস্কারের পক্ষে স্লোগান দিচ্ছেন।
এদিকে দুপুর সাড়ে ১২টা থেকে অহিংস এ আন্দোলনে বাকৃবি শিক্ষক সমিতি ও বাকৃবি শাখা ছাত্রলীগ একাত্মতা ঘোষণা করেছে।
এর আগে বুধবার সকাল ১০টার আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে আমতলায় জমা হতে থাকে সাধারণ শিক্ষার্থীরা। এ স্থানে বসে তারা প্ল্যাকার্ড-ফেস্টুন তৈরি করতে থাকে।
১০টা বাজলেই হাজার হাজার শিক্ষার্থী এসে চত্বরে জমা হয়। এরপর ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের করিডোর প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়।
পরে শিক্ষার্থী মুক্তমঞ্চের সামনে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকে।