Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের দ্রুত সময়ের মধ্যে নিজ দেশে ফিরিয়ে নেওয়া হবে

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০১৮

রোহিঙ্গাদের দ্রুত সময়ের মধ্যে নিজ দেশে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত মিয়ানমারের সমাজকল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন মন্ত্রী ড. উইন মায়াত আয়ে।

বুধবার (১১ এপ্রিল) দুপুরে কক্সবাজারের উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

সকাল ১১টার দিকে ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে কুতুপালং ক্যাম্পে পৌঁছান মন্ত্রী উইন মায়াত আয়ে।

মিয়ানমারের কোনো মন্ত্রীর এটি প্রথম সফর। প্রথমে ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। পরে ডি-৫ ব্লকের ইউএনএইচসিআর কার্যালয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন মন্ত্রী ও তার সফর সঙ্গীরা।

এ সময় ন্যাশনাল ভেরিফিকেশন কার্ডসহ রোহিঙ্গাদের নাগরিক নানান সুযোগ-সুবিধা দেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী তাদের নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান এবং নির্যাতনের শিকার রোহিঙ্গাদের খোঁজ-খবর নেন। এ সময় রোহিঙ্গারাও তাদের দাবি-দাওয়া মন্ত্রীর কাছে তুলে ধরেন।

পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্বসহ মর্যাদা ও অধিকার বিষয়ে মিয়ানমার সচেষ্ট থাকবে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়া হবে।

নির্যাতনের মুখে গেলো বছরের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.