সিলেটটুডে ডেস্ক | ১১ এপ্রিল, ২০১৮
কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের কয়েকজন মন্ত্রীর বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১১ এপ্রিল) দুপুরে সারা দেশে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের প্রবল আন্দোলনের মধ্যেই এমন মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডিস্থ শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মুক্তিযোদ্ধা উপ কমিটির এক সভা শেষে কাদের বলেন, 'দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বশীল কথা বলা উচিৎ। তারা দায়িত্বজ্ঞানহীন কথা বললে কীভাবে হবে! সবাইকে আহবান জানাব দায়িত্বশীল বক্তব্য দেওয়ার জন্য। কেউ ক্ষমতার দাপট দেখাবেন না, মানুষ কষ্ট পাবে।'
রোববার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৭ মের মধ্যে কোটা ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত জানানোর প্রতিশ্রুতি দিলে আন্দোলনকারীদের মধ্যে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে সাময়িক বিভক্তি তৈরি হয়।
কিন্তু কোটা নিয়ে কৃষিমন্ত্রী ও অর্থমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আবার একজোট হয়ে মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
সোমবার সংসদে কোটা সংস্কার আন্দোলন নিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছিলেন, 'মুক্তিযোদ্ধাদের সন্তানেরা সুযোগ পাবে না, রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে? তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত হবে?'
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে বিদ্যমান কোটা সংস্কারের পক্ষে মত দিয়েই বলেন, আগামী বাজেটের পর এ বিষয়টি পুন:নিরীক্ষা করা হবে।
বুধবার ওবায়দুল কাদের সেসব বক্তব্যের বিষয়ে ইংগিত করে বলেন, 'পারসোনাল কোনো বক্তব্য তিনি মন্ত্রী হোক না কেন, এই বক্তব্য তার ব্যক্তিগত। সরকারের বক্তব্য আমি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানিয়ে দিয়েছি। এর বাইরে কে কী বলল, তা নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।'
প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখার পরামর্শ দিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, 'কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। একটু ধৈর্য ধরুন। এই আন্দোলন বিদ্বেষ বা বিভাজনের রাজনীতির শিকার যেন না হয়। প্লিজ ধৈর্য ধরুন, প্রধানমন্ত্রী বিকালে সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা বলবেন, তিনি কী বলবেন, তার মুখ দিয়ে শুনুন।'
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলনের দিকে ইংগিত করে আওয়ামী লীগ নেতা কাদের বলেন, “কোটা আন্দোলন কারও মুক্তির আন্দোলনে পরিণত করার মতলব অনেকের আছে। কোটা আন্দোলনের মধ্যে ঢুকে তাদেরও একটা দুরভিসন্ধি থাকতে পারে।"
এ বিষয়ে আন্দোলনকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, 'কোনো অশুভ রাজনীতির কালো ছায়া যেন আন্দোলনের ওপর বিস্তার করতে না পারে। ওই সব রাজনীতিকদের হাতে আন্দোলন চলে গেলে দেশ ক্ষতিগ্রস্ত হবে।'