সিলেটটুডে ডেস্ক | ১১ এপ্রিল, ২০১৮
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে 'কোটার মত' আন্দোলন আন্দোলন গড়ে তুলতে বিএনপির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নেতা মওদুদ আহমদ।
জাতীয় সংসদে বুধবার (১১ এপ্রিল) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরপরই এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ তাৎক্ষণিক এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
কোটা সংস্কার এ আন্দোলন নিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘জনগণের বিজয় ও সরকারের পরাজয় হিসেবে দেখছেন বিএনপির এ নেতা।
মওদুদ বলেন, “এখনই খবরে দেখলাম, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে বাংলাদেশে কোনো কোটা ব্যবস্থা থাকবে না। উনি শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে, এই কোটা আন্দোলন কত বেগবান হয়েছে। তারা বুঝতে পেরেছেন যে এই আন্দোলন যদি চলে, তাহলে তো তাদের ক্ষমতায় থাকাটাই কঠিন হবে। আমি বলতে চাই, জনগণের বিজয় হয়েছে, সরকারের পরাজয় হয়েছে।”
এই আন্দোলনের প্রসঙ্গ ধরে মওদুদ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “এভাবেই আগামীতে আমাদের দাবি প্রতিষ্ঠা করতে হবে। গণআন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। নির্দলীয় সরকার ব্যবস্থা কায়েম করতে হবে এবং আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন ঘটাতে হবে।”
কোটা সংস্কারের আন্দোলনের ‘অনেক গভীর তাৎপর্য’ রয়েছে বলে মনে করেন মওদুদ।
“এই সরকারের বিরুদ্ধে সারাদেশে মানুষ ও ছাত্র সমাজের পুঞ্জিভূত ক্ষোভের প্রতিফলন ঘটেছে। শুধু কোটা নিয়ে নয়, তাদের (শিক্ষার্থী) মনে অনেক ক্ষোভ। তারা তো দেখছে- দেশ কীভাবে চলছে, দেশে কী ধরনের গণতন্ত্র আছে।”