সিলেটটুডে ডেস্ক | ১১ এপ্রিল, ২০১৮
সরকারি চাকরিতে কোটা বাতিলের ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বুধবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, মল চত্বর হয়ে টিএসসি ঘুরে কেন্দ্রীয় মসজিদ হয়ে ডাকসু ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিলে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সহ হাজার খানেক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এসময় তারা শেখ হাসিনার নামে স্লোগান দিতে থাকেন।
মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান বলেন, ‘ছাত্রসমাজের পক্ষ থেকে আমরা যা চেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চেয়েও বেশি দিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’
কোটা সংস্কারের আন্দোলন নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র রয়েছে। কোনো ধরনের মিথ্যা প্রচারণা ও ষড়যন্ত্রে কান দেওয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ।