Sylhet Today 24 PRINT

দুই সিটি নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিন আজ

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০১৮

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ এপ্রিল)।

ইতোমধ্যে আওয়ামী লীগ-বিএনপি, জাতীয় পার্টি, সিপিবিসহ অধিকাংশ দল এ নির্বাচনে অংশ নিতে প্রার্থী চূড়ান্ত করেছে। এবারই প্রথম দলীয় প্রতীকে ভোটে হচ্ছে এই দুই সিটিতে।

গাজীপুরে নৌকা প্রতীকে লড়ার জন্য নতুন প্রার্থী জাহাঙ্গীর আলমকে ও খুলনায় গতবার হেরে যাওয়া প্রার্থী তালুকদার আবদুল খালেককে প্রার্থী করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার খালেক মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বাগেরহাট-৩ (মংলা) আসনের সংসদ সদস্য পদ ছেড়ে দিয়েছেন।

মেয়র পদে ধানের শীষ প্রতীকে ভোট করতে গাজীপুরে বিএনপির মনোনয়ন পেয়েছেন হাসানউদ্দিন সরকার, খুলনায় প্রার্থী হচ্ছেন নজরুল ইসলাম মঞ্জু।

গাজীপুরে এম এ মান্নান এবং খুলনায় মনিরুজ্জামান মনি ২০১৩ সালের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের হারিয়ে এখনও মেয়রের দায়িত্বে রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৫ ও ১৬ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহার ২৩ এপ্রিল। এরপর প্রতীক বরাদ্দ ২৪ এপ্রিল। আর ভোটগ্রহণ করা হবে ১৫ মে।

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটিতে ভোটগ্রহণ করতে প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন। যেহেতু এর আগে ঢাকার দুই সিটিতে নির্বাচনের তফসিল ঘোষণার পরও জটিলতা থাকায় স্থগিত করা হয়েছে। এজন্য এসব সিটিতে কোনো জটিলতা আছে কি না তা আগে থেকেই জানার জন্য দুই দফায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয় ইসি। ওই চিঠির জবাবে মন্ত্রণালয় বুধবার (২৮ মার্চ) ইসিকে জানায় এসব নির্বাচনে কোনো জটিলতা নেই।

তাই আসছে রমজানের আগে গাজীপুর ও খুলনা সিটি ভোট শেষ করে ঈদের পর অন্য তিন সিটিতে ভোট করার প্রস্তুতি নিয়েছে ইসি।

যদিও এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, জুলাইয়ের মধ্যে এসব নির্বাচন সম্পন্ন করতে চায় কমিশন।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী করপোরেশনের প্রথম বৈঠক থেকে ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যে কোনো সময় নির্বাচন করতে হবে। গাজীপুর সিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর। সেই হিসেবে গাজীপুর সিটিতে ৮ মার্চ থেকে নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে।

এছাড়া খুলনায় ২০১৩ সালের ১৫ জুন প্রথম সভা অনুষ্ঠিত হয়। সে হিসেবে এই সিটিতে নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে ৩০ মার্চ থেকে। রাজশাহীতে প্রথম সভা হয় ২০১৩ সালের ৬ অক্টোবর। সে হিসেবে দিন গণনা শুরু হবে ৯ এপ্রিল থেকে। সিলেটে প্রথম সভা হয় ২০১৩ সালের ৯ অক্টোবর, সে হিসেবে দিন গণনা শুরু হবে ১১ এপ্রিল এবং বরিশাল সিটিতে প্রথম সভা হয় ২০১৩ সালের ২৪ অক্টোবর, সে হিসেবে ২৭ এপ্রিল থেকে নির্বাচনের দিন গণনা শুরু হবে।

২০১৩ সালের ১৫ জুন একই দিন সিলেট, খুলনা, রাজশাহী ও বরিশাল এবং ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.