Sylhet Today 24 PRINT

পরিচ্ছন্নতা কর্মসূচিতে বিশ্বরেকর্ড ঢাকা দক্ষিণ সিটির

নিজস্ব প্রতিবেদক |  ১৩ এপ্রিল, ২০১৮

রেকর্ড ১৫,৩১৩ জন মানুষের সমন্বয়ে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। চৈত্রসংক্রান্তির দিনে আয়োজিত বিশেষ এ উদ্যোগ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাবে বলে আশাবাদী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

শুক্রবার (১৩ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে এই রেকর্ড গড়া হয়। গুলিস্তানের গোলাপ শাহ মাজার থেকে জিরো পয়েন্ট পর্যন্ত ১ মিনিট ঝাড়ু দেওয়ার মাধ্যমে পরিচ্ছন্ন কর্মসূচি পালিত হয়।

ডিএসসিসি আয়োজিত প্রতীকী পরিচ্ছন্ন কর্মসূচির এই রেকর্ড উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

সকাল থেকে প্রবেশের একটা গেটে গণনা করা হয়। তবে বের হবার প্রতিটি পথে গণনা মেশিন ছিল। ১০টি টিম এই গণনার কাজ করে। এ ছাড়া অডিট টিমে ছিলেন ৫০ জন। অডিট টিমের নেতৃত্ব দিয়েছেন পিনাকী দাশ। তিনি জানিয়েছেন, ১৫ হাজার ৩১৩ জন প্রতীকী পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

আতশবাজি ও গানের মধ্য দিয়ে এই রেকর্ড গড়া হয়। এর আগে ভারতের গুজরাটে ২০১৭ সালের ২৮ মে বদোধারা শহরের মিউনিসিপাল কর্পোরেশন পাঁচ হাজার ৫৮ জন কর্মী নিয়ে এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম ওঠায়।

ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, স্বচ্ছ ঢাকা গড়তে নগরবাসীকে সচেতন করতে প্রতীকী এই কর্মসূচির আয়োজন করা হয়। এর মাধ্যমে পুরো নগরী পরিচ্ছন্ন না হলেও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি এই শহরের নাম গিনেস ওয়ার্ল্ড বুকে লেখা থাকবে।

ডিএসসিসি ও রেকিট বেনকিজার বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’নামে এ প্রচার অভিযান কর্মসূচিতে সহায়তা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কর্মসূচিতে জাতীয় স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ফায়ার সার্ভিস, নৃত্যশিল্পী, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা-প্রতিষ্ঠান থেকে লোকজন অংশ নিয়েছে।

অন্যান্যদের মধ্যে কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর, সানজিদা খানম, প্রধান নির্বাচন কমিশন কে এম নূরুল হুদা, চিত্র নায়ক রিয়াজ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল, ডিএনসিসির প্রয়াত মেয়র আনিসুল হকের ছেলে নাবিদুল হক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.