Sylhet Today 24 PRINT

ঢাবিতে নববর্ষের নিরাপত্তায় ছাত্রলীগ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০১৮

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রলীগের পাঁচশ নেতাকর্মী স্বেচ্ছাসেবক হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে থাকবেন। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ করতে ওই দিন ক্যাম্পাসে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করবেন।

শুক্রবার (১৩ এপ্রিল) ঢাবি মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ছাত্রলীগ ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ছাত্রলীগ ঢাবি শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলা নববর্ষকে বরণ করার দিনটিতে ঢাবি ক্যাম্পাসকে ঘিরে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে ছাত্রলীগ। ঢাবি ক্যাম্পাসে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ করতে সংগঠনটির পাঁচশ নেতাকর্মী ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নেবেন।

ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ক্যাম্পাসে আগত দর্শনার্থীদের পানির পিপাসা মেটানোর জন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিনামূল্যে সুপেয় পানি সরবরাহ করা হবে। আগত দর্শনার্থীদের কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের জন্য চিকিৎসা সেবাও দেওয়া হবে। এর জন্য ঢাবি ক্যাফেটেরিয়ার (ডাস) পেছনে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হবে।

আবিদ আল হাসান জানান, যেকোনও প্রয়োজনে ছাত্রলীগ ঢাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের জন্য বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোবাইল নম্বরসহ ফেস্টুন লাগানো থাকবে।

সংবাদ সম্মেলনে গত ৮ এপ্রিল রাতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ থাকার পরও কেন উপাচার্যের বাসভবনে হামলা ঠেকাতে পারেনি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাহিনী আছে, সেই দায়িত্ব ছাত্রলীগের নয়। তবে সেদিন আমরাই উপাচার্য স্যারকে বাঁচিয়েছি। আমরা না থাকলে তিনি হয়তো প্রাণ হারাতেন।’

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.