সিলেটটুডে ডেস্ক | ১৫ এপ্রিল, ২০১৮
সংগৃহীত
গুলিস্তানে হকার উচ্ছেদকালে প্রকাশ্যে গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এ দুই নেতা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান।
রোববার (১৫ এপ্রিল) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবীর আদালতে চার্জশিটটি উত্থাপন করেন শাহবাগ থানার জিআরও মাহমুদুল হাসান।
মাহমুদুল হাসান জানান, গত ১১ এপ্রিল শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন সিএমএম আদালতে চার্জশিটটি দাখিল করেন। মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৭ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গুলিস্তানের ফুটপাত উচ্ছেদের সময় ডিএসসিসির কর্মচারীদের সঙ্গে ছাত্রলীগও অংশ নেয়। এসময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলিবর্ষণ করেন।
ওই ঘটনায় শাহবাগ থানার এসআই মো. মান্নান ছাত্রলীগের ওই দুই নেতাসহ অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।