সিলেটটুডে ডেস্ক | ১৫ এপ্রিল, ২০১৮
আবারো পেছালো বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। আগামী ১৭ মে তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত।
রোববার (১৫ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা থাকলেও তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন এই তারিখ নির্ধারণ করেন। এর আগেও একাধিকবার পরিবর্তন হয় তদন্ত প্রতিবেদন দাখিলের সময়।
এছাড়া, অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের অপারেশন শাখার সদস্য সুবর ওরফে রাজু ওরফে সাদকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম সুষ্ঠু তদন্তের জন্য সুবরকে দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২০১৫ সালে ২ নভেম্বর সুবরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।
এ ঘটনায় ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের কয়েকদিন পর আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে খবর দেয় জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করা ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।’
তবে এসব হত্যাকাণ্ডের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই বলে বারবার দাবি করছে বাংলাদেশ সরকার।