Sylhet Today 24 PRINT

পাঁচ ঘন্টা পর ঢাকার সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০১৮

টঙ্গীতে জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন দুর্ঘটনার কারণে পাঁচ ঘণ্টা রেলযোগাযোগ বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।

রোববার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় ট্রেনটি দুর্ঘটনায় পড়লে ৫জন নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হন।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হলে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয়রা নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছেন।

ওই দুর্ঘটনার পর ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রিলিফ ট্রেন এসে ক্লিয়ার করলে সেই পথে ট্রেন চলাচল শুরু হয়।

টঙ্গীর স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানান, লাইন ক্লিয়ার হওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আরিফুজ্জামানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানা যায়।

এছাড়া, রেল দুর্ঘটনা আহতদের চিকিৎসার দায়িত্ব রেল মন্ত্রণালয় নিয়েছে বলে জানান রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.